বাংলাদেশকে শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে পরিণত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান


শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি। একই সঙ্গে দেশকে একটি শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলছি। উৎপাদন, সেবা, রপ্তানিসহ সকল খাতে আমরা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।”

তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদি নীতিমালার ধারাবাহিকতার মাধ্যমে বিনিয়োগকারীদের সেই নিশ্চয়তা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের তরুণদের দক্ষ ও যোগ্য করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাকস্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে সরকার ১ লাখ স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগে কাজ করছে, যার প্রায় ৮০ শতাংশই নারী হবেন। তারা তৃণমূল পর্যায়ে প্রাথমিক চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় রেফারেল সেবা প্রদান করবেন।
তিনি বলেন, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

শিক্ষাব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের জন্য নয়, বাস্তব জীবনের জন্য প্রস্তুত করবে—এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, শিশুদের চরিত্র গঠনে পাঠ্যক্রমে সংস্কৃতি, খেলাধুলা, মূল্যবোধ ও নৈতিকতার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো হবে।
প্রধানমন্ত্রী জানান, সরকার প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম, স্কুলব্যাগ, মিড-ডে মিল ও বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে। এছাড়া স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার পরিধি সম্প্রসারণ করা হচ্ছে।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’। সম্মেলনের উদ্বোধনী সেশনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।











