'ইনভেস্ট বাংলাদেশ'-এর জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬.৫ একর জমির জন্য ইজারা চুক্তি স্বাক্ষর করেছে র্যানকন লুব্রিকেন্টস


চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (National Special Economic Zone) ৬ দশমিক ৫ একর উন্নত জমি লিজ নিয়েছে র্যানকন লুব্রিকেন্টস লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ইনভেস্ট বাংলাদেশের সঙ্গে একটি ভূমি লিজ চুক্তি স্বাক্ষর করেছে।
সোমবার (০৫ অক্টোবর ২০২৬) ঢাকায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের সদস্য নাহিয়ান রহমান রোচি এবং র্যানকন লুব্রিকেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, র্যানকন লুব্রিকেন্টস মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি শিল্প ইউনিট স্থাপনে প্রায় ১৯ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। প্রস্তাবিত এই শিল্প প্রকল্পে ২৫০ জনের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নাহিয়ান রহমান রোচি বলেন, তিনটি বিনিয়োগ উন্নয়ন সংস্থার একীভূতকরণের পর এটি ইনভেস্ট বাংলাদেশের প্রথম ভূমি লিজ চুক্তি। তিনি বলেন, র্যানকন লুব্রিকেন্টসের মতো অ্যাঙ্কর বিনিয়োগকারীদের বিনিয়োগের প্রতিশ্রুতি নতুন প্রতিষ্ঠানের প্রতি আস্থার প্রতিফলন। একই সঙ্গে এ ধরনের বিনিয়োগ অন্যান্য বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা তৈরি করতে সহায়তা করবে।
চুক্তি অনুযায়ী, জমির দখল হস্তান্তরের তারিখ থেকে ৫০ বছরের জন্য লিজ কার্যকর থাকবে। ইনভেস্ট বাংলাদেশের নির্ধারিত শর্ত অনুযায়ী পরবর্তীতে লিজ নবায়নের সুযোগ থাকবে। চুক্তি স্বাক্ষরের পরবর্তী ৯০ দিনের মধ্যে জমি হস্তান্তর করার কথা রয়েছে।
জমি বুঝে পাওয়ার পর র্যানকন লুব্রিকেন্টসকে ১২০ দিনের মধ্যে নির্মাণকাজ শুরু করতে হবে। আর জমি হস্তান্তরের পর সর্বোচ্চ ৩৬ মাসের মধ্যে শিল্প ইউনিটটি উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে ইনভেস্ট বাংলাদেশ প্রয়োজনীয় ইউটিলিটি সংযোগ নিশ্চিত করতে সহযোগিতা করবে। পাশাপাশি সরকার ঘোষিত প্রযোজ্য শুল্ক, ভ্যাট ও কর-সংক্রান্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটিকে সহায়তা করা হবে।
অন্যদিকে, র্যানকন লুব্রিকেন্টস প্রয়োজনীয় সরকারি অনুমোদন গ্রহণের পাশাপাশি পরিবেশ, শ্রম ও নিরাপত্তা-সংক্রান্ত সব বিধিবিধান মেনে চলবে। প্রকল্পে বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ট্রিটমেন্ট সুবিধা স্থাপন এবং অর্থনৈতিক অঞ্চলের কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট ও বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে সংযোগ নিশ্চিত করার বিধানও চুক্তিতে রাখা হয়েছে।
চুক্তিতে প্রকল্পের কার্যক্রম ও চুক্তির শর্ত পালনের বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। কোনো ধরনের শর্ত লঙ্ঘনের ক্ষেত্রে চুক্তি বাতিলের আগে সংশ্লিষ্ট পক্ষকে তা সংশোধনের জন্য নির্দিষ্ট সময় দেওয়ার বিধান রয়েছে। বিরোধ দেখা দিলে Arbitration Act, 2001 অনুযায়ী সালিশের মাধ্যমে তা নিষ্পত্তির ব্যবস্থাও রাখা হয়েছে।
র্যানকন লুব্রিকেন্টসের এই বিনিয়োগ মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।











