আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত হলেন ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী


আন্তঃসংসদীয় ইউনিয়ন (Inter-Parliamentary Union—IPU)-এর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী।
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক ভূ-রাজনৈতিক গ্রুপ থেকে তিনি সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। এ নির্বাচনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৩৭টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশের জন্য এ নির্বাচন আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। চলমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশের নির্বাচিত হওয়ার পর আইপিইউ নির্বাহী কমিটিতে এ প্রতিনিধিত্ব আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সংসদীয় সম্পৃক্ততার আরেকটি উল্লেখযোগ্য সংযোজন।
আইপিইউ নির্বাহী কমিটিতে ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরীর নির্বাচিত হওয়া বাংলাদেশের সংসদীয় কূটনীতি ও আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতায় দেশের অংশগ্রহণ আরও জোরদার করার সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে বৈশ্বিক সংসদীয় পরিসরে বাংলাদেশের অবস্থান ও মতামত তুলে ধরার ক্ষেত্রেও এ দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তঃসংসদীয় ইউনিয়ন বিশ্বের জাতীয় সংসদগুলোর আন্তর্জাতিক সংগঠন। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, শান্তি, টেকসই উন্নয়ন, সংসদীয় কূটনীতি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে সংগঠনটি কাজ করে থাকে।
এদিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল বর্তমানে তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছে।











