ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষায় সব শাখা ও এটিএমে নগদ অর্থ সরবরাহের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের


ন্যাশনাল ব্যাংক পিএলসির সব আমানতকারী যাতে আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে তাঁদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক সাক্ষাৎ করেন। এ সময় গভর্নর আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে গভর্নর উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংক পিএলসির তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। এ পরিস্থিতিতে ব্যাংকটির সব আমানতকারী যাতে তাঁদের প্রয়োজন অনুযায়ী আমানতের অর্থ উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি।
বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর অংশ হিসেবে ১৫ অক্টোবর থেকে আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুবিধা নিশ্চিত করতে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান, ড. মোঃ কবির আহাম্মদ, মোঃ সরোয়ার হোসেন ও মোঃ আনিছুর রহমান উপস্থিত ছিলেন।











