ঢাকায় মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন করল ভারতীয় হাইকমিশন


ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর, ২০২৬) ঢাকায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে ‘সেবা পক্ষ ২০২৬’-এর সমাপনীও অনুষ্ঠিত হয়।
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী। তিনি মহাত্মা গান্ধীর সত্য, অহিংসা ও নিঃস্বার্থ সেবার চিরন্তন বার্তা স্মরণ করেন এবং সমকালীন সমাজে গান্ধীর আদর্শের প্রাসঙ্গিকতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার তৈরি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিখ্যাত বাংলাদেশি কুইজ মাস্টার ফেরদৌস বাপ্পীর পরিচালনায় অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় মহাত্মা গান্ধীর জীবন, দর্শন ও অবদানকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এরপর ‘সেবা পক্ষ ২০২৬’-এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। শিশুদের অংশগ্রহণে বহুধর্মীয় প্রার্থনা এবং মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ পর্ব শুরু হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে গান্ধীর প্রিয় গান ‘বৈষ্ণব জন তো’, ‘যদি তোর ডাক শুনে’, ‘রঘুপতি রাঘব’সহ রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বাংলাদেশের সংগীতশিল্পীদের সংগঠন গীতিমালিকার শিল্পীরা।
পরে বিশিষ্ট বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার নেতৃত্বে বিশ্বরঙের আয়োজনে খাদি পোশাকের বিশেষ উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জনপ্রিয় তরুণ ব্যান্ড কৃষ্ণপক্ষ পরিবেশন করে লোকজ ও ফিউশন সংগীত।
অনুষ্ঠানস্থলে ফ্রেন্ডশিপ (নদী লিমিটেড) এবং কুমিল্লা খাদি ঘরের প্রদীপ কান্তি সাহার উদ্যোগে খাদি পণ্যের স্টল প্রদর্শন করা হয়। পাশাপাশি নোয়াখালী ও জামালপুরের গান্ধী আশ্রম থেকে সংগৃহীত বিভিন্ন নিদর্শনও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্য, ভারত ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী ব্যক্তিরা এবং ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ ও শিক্ষার্থীরা অংশ নেন।

















