বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্রিটিশ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস যুক্তরাজ্যের


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
রোববার (৪ অক্টোবর, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন তারা। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও ব্রিটিশ হাইকমিশনার।
এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করা হয়। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











