বাংলাদেশ–জার্মানি সম্পর্ক জোরদারে নতুন অঙ্গীকার, বাণিজ্য-বিনিয়োগ ও এফটিএতে গুরুত্ব


বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে নতুন করে অঙ্গীকার ব্যক্ত করেছে উভয় দেশ।
বুধবার (৭ অক্টোবর, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমাইউন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। এ সময় তিনি প্রতিমন্ত্রীর সম্প্রতি দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের সম্পৃক্ততা ও উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন প্রতিমন্ত্রী হুমাইউন কবির। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি এবং অভিবাসন ও মানব চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় হয়। একই সঙ্গে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অংশীদারত্ব আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা করেন উভয় পক্ষ। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ বাংলাদেশ-জার্মানি দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে জার্মানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি দ্রুত বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিমান চলাচল খাতে সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বিনিময় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার বিষয়টি উল্লেখ করে বলেন, দেশের বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বাড়ছে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষই আশা প্রকাশ করে যে, দুই দেশের মধ্যে অব্যাহত উচ্চপর্যায়ের যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা দীর্ঘদিনের বাংলাদেশ-জার্মানি অংশীদারত্বকে আরও গতিশীল করবে।











