বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ কাতারের


বাংলাদেশ ও কাতারের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

রোববার (১৫ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি (Seraya Ali Al Qahtani)।
সাক্ষাৎকালে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুলআজিজ আল খুলাইফির পক্ষ থেকে দোহায় অনুষ্ঠেয় একটি আসন্ন সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণপত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন কাতারের রাষ্ট্রদূত। এ সময় উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বিদ্যমান অনাবিষ্কৃত সম্ভাবনাগুলো কাজে লাগানো প্রয়োজন। একই সঙ্গে কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।
জবাবে কাতারের রাষ্ট্রদূত দেশটির অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশি কর্মীদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও মর্যাদাপূর্ণ কর্মনিষ্ঠার কথা বিশেষভাবে উল্লেখ করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের পাশে থেকে কাতার সরকারের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে কাতারের অব্যাহত সম্পৃক্ততা ও সহযোগিতা কামনা করেন তিনি।











