যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেল বাংলাদেশ


যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি)-এর অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার নতুন সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএফসি।
সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের নতুন এই যোগ্যতার ফলে দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগের পাশাপাশি ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগ ঝুঁকি প্রশমন সুবিধা কাজে লাগানো সম্ভব হবে। বিশেষ করে যেসব উন্নয়ন প্রকল্প অর্থায়ন সংকট কিংবা বিনিয়োগ ঝুঁকির কারণে বাস্তবায়নে বাধার মুখে পড়ে, সেসব প্রকল্প এগিয়ে নিতে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডিএফসির মতে, তাদের অর্থায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবায় মানুষের প্রবেশাধিকার সম্প্রসারণ এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণেও এই উদ্যোগ সহায়ক হতে পারে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের ডিএফসি অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে।











