মরক্কোর গৌরবময় গ্রিন মার্চের ৫১তম বার্ষিকী সংবর্ধনায় মরক্কোর রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন ‘দৈনিক ঢাকা ডায়লগ'-এর সম্পাদক


সোমবার (১৬ নভেম্বর, ২০২৬) সন্ধ্যায় মরক্কোর জাতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় গৌরবময় ‘গ্রিন মার্চ’-এর ৫১তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত মরক্কো দূতাবাস। অনুষ্ঠানে অংশগ্রহণ করে মরক্কোর রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন জাতীয় ‘দৈনিক ঢাকা ডায়লগ'-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালি (Lalla Bouthaina El Kerdoudi El Koulali) অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান এবং মরক্কোর জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও উন্নয়ন অগ্রযাত্রার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, মরক্কোর আধুনিক ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ উপলক্ষ—ইউনিটি ডে-এর প্রথম বার্ষিকী, গৌরবময় গ্রিন মার্চের ৫১তম বার্ষিকী এবং মরক্কোর স্বাধীনতার ৭১তম বার্ষিকী—একসঙ্গে উদযাপন করতে পেরে তিনি আনন্দিত ও সম্মানিত। এসব ঐতিহাসিক দিবস মরক্কোর জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি দেশটির অবিচল অঙ্গীকারের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, মরক্কোর ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে বাংলাদেশের গঠনমূলক অবস্থান এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারত্বকে মরক্কো গভীরভাবে মূল্যায়ন করে। তিনি বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডসসহ বিভিন্ন ইউরোপীয় দেশের পাশাপাশি ব্রুনাই, জাপান, মালদ্বীপ, ফিলিপাইন, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে রাষ্ট্রদূত ও আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে কেক কাটেন। এ সময় উপস্থিত অতিথিদের মধ্যে আন্তরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় হয়। মরক্কোর ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় পরিচিতির বিভিন্ন দিকও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট অতিথিরা অংশ নেন।











