দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একমত বাংলাদেশ-এস্তোনিয়া


বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন (Kristi Karelsohn)। এ সময় তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে পররাষ্ট্রসচিব বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি এবং ব্যবসায়ী পর্যায়ে (Business-to-Business) যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক ও কূটনৈতিক যোগাযোগ আরও কার্যকর করতে নিয়মিত দ্বিপাক্ষিক পরামর্শব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। বিশেষ করে নিয়মিতভাবে পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ (Foreign Office Consultation—FOC) আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়।











