সেমিকন্ডাক্টর, এআই ও দক্ষতা উন্নয়নে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশের অংশীদারত্বের উদ্যোগ


সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনশক্তি উন্নয়নে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (ASU) সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর, ২০২৬) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফোর সিজনস হোটেল সিলিকন ভ্যালিতে বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা হোসে হোসে রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।

বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ মো. জাহিদুল ইসলাম। এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল বৈঠকে অংশ নেন।
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পক্ষে গ্লোবাল ডেভেলপমেন্টের পরিচালক মেগান গিবসন, ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের ভাইস চেয়ার ও ব্যবস্থাপনা পরিচালক ড. মিনু ইপে ভার্চুয়ালি এবং অ্যাডজাঙ্কট প্রফেসর ও ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ড. ইব্রাহিম খলিল অংশ নেন।

বৈঠকে প্রকৌশল শিক্ষা, গবেষণা, দক্ষ জনশক্তি উন্নয়ন, শিল্পখাত ও বিনিয়োগকে সমন্বিত করে বাংলাদেশে একটি কার্যকর সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে সেমিকন্ডাক্টর ও মাইক্রোইলেকট্রনিক্স বিষয়ে কারিকুলাম উন্নয়ন, শিক্ষক ও পেশাজীবীদের প্রশিক্ষণ, প্রয়োগভিত্তিক গবেষণা, বিশ্ববিদ্যালয়-শিল্পখাত অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে।
পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম শিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও গভীর করার সুযোগ তুলে ধরেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ স্টেম (STEM) শিক্ষা, শিক্ষক উন্নয়ন এবং উদীয়মান শিল্পের জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রয়োজন, যেখানে শিক্ষা ও গবেষণার সঙ্গে শিল্প, বিনিয়োগ এবং প্রযুক্তির বাণিজ্যিকীকরণকে যুক্ত করা হবে।
বৈঠকে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ইউনিভার্সিটি ডিজাইন ইনস্টিটিউটের সঙ্গে উচ্চশিক্ষার রূপান্তর ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাবনাও আলোচনা করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়, সরকার ও শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপান্তরে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর টেকসই পরিকল্পনা, মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ জোরদারের ওপর গুরুত্ব দেন। প্রযুক্তিগত অংশীদারত্বকে দক্ষ কর্মসংস্থান, গবেষণা সক্ষমতা, উদ্ভাবন ও বিনিয়োগে রূপ দেওয়াই এ ধরনের সহযোগিতার অন্যতম লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক (MoU) প্রণয়নের বিষয়েও আলোচনা হয়। সম্ভাব্য এই সমঝোতার আওতায় সেমিকন্ডাক্টর শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, গবেষণা, কারিকুলাম ও শিক্ষক উন্নয়ন, বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সম্পৃক্ততা এবং উচ্চশিক্ষার প্রাতিষ্ঠানিক রূপান্তরকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে।
উভয় পক্ষ ভবিষ্যতে সংলাপ অব্যাহত রাখা এবং বাস্তবায়নযোগ্য নির্দিষ্ট প্রকল্প ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চিহ্নিত করার আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি এবং বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের মধ্যে পরবর্তী যোগাযোগে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসুলেট জেনারেল সমন্বয় করবে।











