বাংলাদেশের হাই-টেক শিল্পের অগ্রগতি দেখতে গাজীপুর-টঙ্গীতে পরিদর্শন করেছেন ইইউ ও ইতালি রাষ্ট্রদূত


বাংলাদেশের উন্নত সাইকেল উৎপাদন ও উচ্চপ্রযুক্তির পোশাকশিল্পের অগ্রগতি সরেজমিনে দেখতে গাজীপুর ও টঙ্গী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত। পরিদর্শনকালে তারা বাংলাদেশের শিল্পখাতে প্রযুক্তি, দক্ষতা ও টেকসই উদ্ভাবনের অগ্রগতি প্রত্যক্ষ করেন।
গাজীপুর ও টঙ্গী সফরে তারা বাংলাদেশের উন্নত সাইকেল উৎপাদন এবং হাই-টেক গার্মেন্টস শিল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় শিল্পখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সাইকেল ও তৈরি পোশাক—দুটি ভিন্ন খাত হলেও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে উভয় ক্ষেত্রেই দক্ষতা, জ্ঞান ও প্রযুক্তিতে ধারাবাহিক বিনিয়োগের প্রয়োজন রয়েছে। বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো এসব ক্ষেত্রে ক্রমাগত সক্ষমতা বাড়াচ্ছে বলে সফরকালে তুলে ধরা হয়।
বিশেষ করে হা-মীম গ্রুপ টেকসই উদ্ভাবনের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় বাজারে সম্প্রসারণের দৃষ্টান্ত তৈরি করছে। একই সঙ্গে ইউরোপীয় ও বাংলাদেশি কোম্পানিগুলোর মধ্যে অংশীদারত্ব নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার খুলছে।
![]() |
![]() |
এর একটি উল্লেখযোগ্য উদাহরণ জার্মান সাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান CUBE এবং মেঘনা গ্রুপের যৌথ উদ্যোগ। এই যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে উচ্চমানের সাইকেল উৎপাদন করে তা আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হচ্ছে।
পরিদর্শনকালে বাংলাদেশের সঙ্গে ইউরোপের অর্থনৈতিক অংশীদারত্বের পরিবর্তিত ধারাও গুরুত্ব পায়। শুধু পণ্য বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে যৌথ উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং নতুন বাজারে প্রবেশের মাধ্যমে এই অংশীদারত্ব আরও বিস্তৃত হচ্ছে।













