টেক্সটাইল বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা


বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বিকেএমইএর ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিশেষ করে টেক্সটাইল ও অ্যাপারেল খাতে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, পণ্য সংগ্রহের সুযোগ সম্প্রসারণ, কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন, বাণিজ্য মেলায় অংশগ্রহণ এবং উভয় দেশের টেক্সটাইল প্রস্তুতকারক ও ক্রেতাদের মধ্যে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় বাংলাদেশের তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের জন্য পাকিস্তান থেকে সুতা, কাপড়, ডেনিম, রং, রাসায়নিকসহ বিভিন্ন ধরনের টেক্সটাইল উপকরণ সংগ্রহের সম্ভাবনার বিষয়টিও উঠে আসে। এ ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মূল্য, পণ্যের মান, নির্ভরযোগ্য সরবরাহ সময় এবং বাণিজ্যিক প্রতিশ্রুতি যথাযথভাবে পূরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও কার্যকর ও গতিশীল করতে উভয় পক্ষের একজন করে সমন্বয়কারী মনোনয়নের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি নিয়মিত ব্যবসায়িক বৈঠক আয়োজন, ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়, কারখানা পরিদর্শন এবং যৌথ কার্যক্রম পরিচালনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে বিকেএমইএর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সিআইপি, পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া, প্রকৌশলী মো. বেলায়েত হোসেন রিপন, রাজীব চৌধুরী এবং মো. মনিরুজ্জামান।
পাকিস্তান হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাশে জাইন আজিজ।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর মাধ্যমে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন।











