শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান


শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সম্মান সমুন্নত রাখা, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকদের জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ এবং শহর ও গ্রামের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশ এবং শিক্ষা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
শিক্ষকতা পেশাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, একজন শিক্ষক কর্মরত কিংবা অবসর জীবনে যেভাবেই থাকুন না কেন, তাঁর মহান পেশার কারণেই আমৃত্যু তিনি রাষ্ট্রের কাছে সম্মানীয়। শিক্ষকদের বেতন ও অবসরভাতার জন্য যাতে তাঁদের অফিসে গিয়ে কষ্ট করতে না হয়, সেজন্য যথানিয়মে যথাসময়ে তাঁদের প্রাপ্য অর্থ ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের শিক্ষকরা জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার। তাই তাঁদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের শিক্ষক সমাজের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

















