রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: মঙ্গলবারের মধ্যে মামলা, কর্মসূচি স্থগিত


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) এর মধ্যে মামলা করার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের আশ্বাসের পর আপাতত কর্মসূচি থেকে সরে এসেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। তবে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তিমূলক ব্যবস্থাসহ অন্যান্য দাবিতে অনড় রয়েছেন তারা।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
ঘটনার প্রতিবাদে সোমবার সাংবাদিকরা হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা, দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তিসহ বিভিন্ন দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবারের মধ্যে মামলা করার আশ্বাস দেওয়া হলে সাংবাদিকরা আপাতত তাদের কর্মসূচি স্থগিত করেন।
সাংবাদিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—হামলায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা এবং মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করা।
এ ছাড়া হামলায় জড়িতদের মধ্যে যাদের বর্তমানে ছাত্রত্ব রয়েছে, তাদের ছাত্রত্ব বাতিল এবং যাদের পড়াশোনা ইতোমধ্যে শেষ হয়েছে, তাদের সনদ বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন—এমন অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবিও জানানো হয়েছে।
সাংবাদিকরা জানিয়েছেন, প্রশাসনের দেওয়া আশ্বাস অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মামলা ও গ্রেপ্তারসহ দাবিগুলো বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।











