বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে অভিনন্দন মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন


বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু। তিনি এ নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, ৩৫ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি বাংলাদেশের জনগণের আস্থারও প্রতিফলন।
মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্ক শক্তিশালী ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সহযোগিতার গভীরতা ও পরিধি আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে আগামী দিনগুলোতে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রেসিডেন্ট মুইজ্জু আরও আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতির মেয়াদে বাংলাদেশ স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার যাত্রা অব্যাহত রাখবে।
তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সাফল্য এবং বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।











