টেকসই পানি ব্যবস্থাপনা ও আন্তঃসীমান্ত পানি সহযোগিতায় ন্যায়ভিত্তিক সমাধানের আহ্বান পানিমন্ত্রীর


বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা ও আন্তঃসীমান্ত পানি সহযোগিতার ক্ষেত্রে ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি। তিনি পানি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে নীতিনির্ধারণের কেন্দ্রে রাখার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) তারিখে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে “Rethinking Water Futures: Youth Leadership, Justice, and Cooperation” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেন।

সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।
সেমিনারে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা, পানি কূটনীতি, বৈজ্ঞানিক সহযোগিতা এবং টেকসই পানি ব্যবস্থাপনায় তরুণ নেতৃত্বের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী ন্যায়ভিত্তিক ও দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, আন্তঃসীমান্ত পানি সহযোগিতা এবং নীতিনির্ধারণে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার বিষয়টি সেমিনারের আলোচনায় বিশেষভাবে উঠে আসে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও টেকসই উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মানিত অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বহুপাক্ষিক প্ল্যাটফর্মে পানি কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর ও বৈজ্ঞানিক অংশীদারিত্বের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন। আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনায় কার্যকর আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং সমমনা দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
স্বাগত বক্তব্যে বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান বাংলাদেশের পানি ব্যবস্থাপনা ও আন্তঃসীমান্ত পানি সহযোগিতার কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। তিনি পানি কূটনীতি, ন্যায়সঙ্গত পানি ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পানি নিরাপত্তা নিশ্চিত করতে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।
কর্ম অধিবেশনে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন Centre for Science, Technology, Policy, and Diplomacy-এর নির্বাহী পরিচালক মালিক ফিদা খান; নেদারল্যান্ডসভিত্তিক Deltares-এর Principal Adaptive Planning Specialist এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) ভাইস প্রেসিডেন্ট (০১) শেখ মুহম্মদ মেহেদী আহসান; এবং Oxfam International-এর Transboundary Rivers of South Asia উদ্যোগে Y&W Engagement-এর সাবেক Technical Coordinator জেরিন আহমেদ।
আলোচনায় আন্তঃসীমান্ত নদী ও পানি সম্পদ ব্যবস্থাপনায় ন্যায়বিচার, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা, তথ্য বিনিময়, বৈজ্ঞানিক সহযোগিতা, বহুপাক্ষিক পানি কূটনীতি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের বিভিন্ন দিক উঠে আসে। আলোচকরা পানি ব্যবস্থাপনাকে কেবল সম্পদ বণ্টনের বিষয় হিসেবে বিবেচনা না করে পরিবেশ সংরক্ষণ, অর্থনৈতিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, মানুষের জীবিকা এবং আঞ্চলিক শান্তি ও সহযোগিতার সঙ্গে সম্পর্কিত একটি বহুমাত্রিক বিষয় হিসেবে দেখার ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়নের ক্ষেত্রে তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা এবং যুব নেতৃত্ব বিকাশে আরও সুযোগ সৃষ্টির প্রয়োজনীয়তা আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, গবেষক, শিক্ষাবিদ, পানি ও পরিবেশ বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, যুব প্রতিনিধি, বেসরকারি খাতের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, এনজিও ও থিঙ্ক ট্যাঙ্কের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীদের মতামত ও অভিজ্ঞতা পানি ব্যবস্থাপনা, ন্যায়বিচার এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনাকে আরও সমৃদ্ধ করে।











