বাজার সম্প্রসারণ ও বাণিজ্য বৈচিত্র্যকরণে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-শ্রীলঙ্কা


বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাজার প্রবেশাধিকার বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
গত ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ফুডস্টাফ ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বাফিসা) কার্যালয়ে সংগঠনটির সভাপতি মৃণ্ময় কুমার সাহার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোডি। এ সময় সংগঠনটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের সম্ভাবনাময় বাণিজ্যিক পণ্য, পারস্পরিক বাজারের চাহিদা এবং বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক বহুমুখীকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাজার প্রবেশাধিকার সহজ করা, বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় ব্যবসা-টু-ব্যবসা (বি-টু-বি) সহযোগিতা জোরদার, সরাসরি ব্যবসায়িক সংযোগ তৈরি, কৌশলগত বাণিজ্য অংশীদারত্ব গড়ে তোলা এবং যৌথ বাণিজ্যিক উদ্যোগ সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।
বৈঠকে হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোডি শ্রীলঙ্কার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘শ্রীলঙ্কা এক্সপো ২০২৭’-এর আয়োজন সম্পর্কে বাফিসা নেতাদের অবহিত করেন। আগামী ১৪ থেকে ১৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বান্দারনায়েকে মেমোরিয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে (বিএমআইসিএইচ) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
তিনি শ্রীলঙ্কা এক্সপো ২০২৭-এ বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের অংশগ্রহণ নিশ্চিত করতে বাফিসার সহযোগিতা কামনা করেন। হাইকমিশনার বলেন, এ প্রদর্শনী দুই দেশের ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা, সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার খুঁজে বের করা, যৌথ উদ্যোগের সুযোগ অনুসন্ধান এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে বাফিসার সহসভাপতি মোহাম্মদ আলী আকবর অংশগ্রহণ করেন। এছাড়া ঢাকায় শ্রীলঙ্কা হাইকমিশনের দ্বিতীয় সচিব গায়াঙ্গা ডায়াস উপস্থিত ছিলেন।











