প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান


দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং উন্নত খাদ্য ও খামার ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব। এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সুস্থ পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়ন।
পুষ্টির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। গত চার দশকে যেসব দেশ তাদের জনগণের পুষ্টি নিশ্চিত করতে পেরেছে, সেসব দেশের মানুষের শারীরিক সক্ষমতার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ও অন্যান্য ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
অনুষ্ঠানে পোষা প্রাণীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রাণীদের ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখা, অস্বস্তি, ব্যথা ও আঘাত থেকে সুরক্ষা দেওয়া এবং স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখার বিষয়েও সচেতন থাকতে হবে।
পশুপাখির ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক সময় মানুষ অকারণে পশুপাখির ওপর নির্যাতন করে। এ ধরনের আচরণ বন্ধে পরিবার থেকেই শিশু-কিশোরদের প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। প্রাণীদের যত্ন নিতে না পারলেও যেন তাদের কষ্ট দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা তৈরি করতে পারলে এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে।
পরে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় প্রাণিসম্পদ খাতের আগামীর সম্ভাবনা, উন্নয়ন এবং এ খাতের অগ্রগতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।





















