আসিয়ান ও আরসিইপিতে অন্তর্ভুক্তিতে সিঙ্গাপুরের সমর্থন চাইল বাংলাদেশ


বাংলাদেশে সিঙ্গাপুরের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় এ পরিচয়পত্র পেশের পর তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নতুন দায়িত্ব গ্রহণের জন্য ফিলিপ ওংকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধি প্রয়োজন।

আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করা, বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, জলবায়ু সহযোগিতায় সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন এবং শ্রম খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।
সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি পারস্পরিক সুবিধাজনক সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সরকারি সফরে সিঙ্গাপুর যাওয়ার আমন্ত্রণ জানান।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এর সদস্যপদ অর্জনে সিঙ্গাপুরের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে সিঙ্গাপুরের অব্যাহত সমর্থন কামনা করেন।











