বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডিতে সদস্য হলেন মো. জহিরুল আলম ভূঁইয়া


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) পুনর্গঠিত গভর্নিং বডিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) প্রতিনিধি মো. জহিরুল আলম ভূঁইয়া। দেশের পর্যটন খাতের নীতিনির্ধারণ ও উন্নয়ন কার্যক্রমে বেসরকারি ট্রাভেল এজেন্সি খাতের প্রতিনিধিত্ব নিশ্চিত করার অংশ হিসেবে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আইন, ২০১০-এর ৬ ধারা অনুযায়ী সরকার ১৭ সদস্যের নতুন গভর্নিং বডি পুনর্গঠন করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে নতুন গভর্নিং বডির চেয়ারম্যান করা হয়েছে। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষাবিদদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
নতুন গভর্নিং বডিতে মো. জহিরুল আলম ভূঁইয়ার অন্তর্ভুক্তি দেশের ট্রাভেল এজেন্সি খাতের প্রতিনিধিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। একই কমিটিতে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) প্রতিনিধি হিসেবে ড. মো. তাসলিম আমিন (শোভন), হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ খাতের প্রতিনিধি হিসেবে মো. শাখাওয়াত হোসেন এবং পর্যটনসংশ্লিষ্ট শিক্ষাবিদ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আশরাফুল ইসলাম চৌধুরী সদস্য হয়েছেন।
এ ছাড়া পর্যটনসংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ নারী প্রতিনিধি হিসেবে আর্তাকি ট্যুরসের সিইও নুরনী শারমিন আফরোজাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে পুনর্গঠিত গভর্নিং বডির আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।











