অনিয়মিত অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে সহযোগিতা জোরদার করছে বাংলাদেশ ও যুক্তরাজ্য


সংঘবদ্ধ অভিবাসন অপরাধ দমন, প্রতারণামূলক অভিবাসন কার্যক্রম প্রতিরোধ এবং অপরাধী চক্রের শোষণ থেকে নাগরিকদের সুরক্ষায় নতুন সহযোগিতা কাঠামোতে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। এর মাধ্যমে দুই দেশের মধ্যে তথ্য বিনিময়, অপরাধ শনাক্তকরণ এবং যৌথ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা আরও জোরদার হবে।
বাংলাদেশ সরকার ও যুক্তরাজ্য সরকারের মধ্যে গৃহীত এই নতুন কাঠামোর মূল লক্ষ্য হলো অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা করা এবং নিরাপদ ও বৈধ অভিবাসনের পথকে উৎসাহিত করা। বিশেষ করে ভিসা ও ভ্রমণসংক্রান্ত নথি জালিয়াতি, প্রতারণামূলক অভিবাসন প্রকল্প এবং অনিয়মিত অভিবাসনের সঙ্গে সম্পর্কিত অন্যান্য অপরাধ প্রতিরোধে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।
নতুন এই উদ্যোগের আওতায় অপরাধী চক্রের কার্যক্রম শনাক্ত, তাদের তৎপরতা ব্যাহত এবং সংশ্লিষ্ট অপরাধ মোকাবিলায় দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতার সুযোগ বাড়বে। পাশাপাশি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অপরাধের ঘটনা নিয়ে আলোচনা, নিয়মিত বৈঠক এবং অগ্রগতি পর্যালোচনার ব্যবস্থাও থাকবে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগের প্রতিফলন হিসেবে এই সহযোগিতা কাঠামোকে দেখা হচ্ছে। এর মাধ্যমে বিশেষ করে প্রতারণামূলক অভিবাসন ব্যবস্থার শিকার হওয়ার ঝুঁকিতে থাকা বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক (Sarah Cooke) বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে। অভিবাসনকে আর্থিক মুনাফার হাতিয়ার হিসেবে ব্যবহার করে যেসব সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী নাগরিকদের শোষণ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে দুই দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এই চুক্তি।
তিনি আরও বলেন, ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্য সংঘবদ্ধ অভিবাসন অপরাধ মোকাবিলা, বৈধ অভিবাসনকে সহায়তা এবং প্রতারণা, শোষণ ও মানবপাচার থেকে ব্যক্তি ও পরিবারকে সুরক্ষিত রাখার প্রচেষ্টা জোরদার করবে।
সংশ্লিষ্টদের মতে, অভিবাসনপ্রত্যাশীদের প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া, জাল নথি ব্যবহার এবং অনিরাপদ অভিবাসনপথে মানুষকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার মতো অপরাধ মোকাবিলায় এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বৈধ অভিবাসনের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে অপরাধী নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেও এটি সহায়ক হতে পারে।
নতুন এই সহযোগিতা কাঠামোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসন ব্যবস্থাপনা, অপরাধ দমন এবং নাগরিক সুরক্ষায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।











