বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডিতে সদস্য হলেন মো. তাসলিম আমিন (শোভন)


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) গভর্নিং বডি পুনর্গঠন করেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান করে ১৭ সদস্যের নতুন গভর্নিং বডি গঠন করা হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি ছাড়াও পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আইন, ২০১০-এর ৬ ধারা অনুযায়ী এ গভর্নিং বডি পুনর্গঠন করা হয়েছে।
নতুন গভর্নিং বডির চেয়ারম্যান করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন অর্থ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব পদমর্যাদার প্রতিনিধি। এ ছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রতিনিধি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তারা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এ ছাড়া পদাধিকারবলে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নতুন গভর্নিং বডিতে সদস্য হয়েছেন মো. তাসলিম আমিন (শোভন)। তিনি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) প্রতিনিধি হিসেবে এ দায়িত্ব পেয়েছেন। প্রজ্ঞাপনে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর প্রতিনিধি হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
বেসরকারি পর্যটন খাতের আরেক প্রতিনিধি হিসেবে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) প্রতিনিধি মো. অহিরুল আলম ভূঁইয়া গভর্নিং বডির সদস্য হয়েছেন। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ বা সমপর্যায়ের সংগঠনের প্রতিনিধি হিসেবে সদস্য হয়েছেন মো. শাখাওয়াত হোসেন।
পর্যটনসংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ শিক্ষাবিদ বা গবেষক হিসেবে গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফুল ইসলাম চৌধুরী। অন্যদিকে, পর্যটনসংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ নারী প্রতিনিধি হিসেবে সদস্য হয়েছেন আর্তাকি ট্যুরসের সিইও নুরনী শারমিন আফরোজা।
গভর্নিং বডির ১৭তম সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি একই সঙ্গে কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুনর্গঠিত গভর্নিং বডি গঠনের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।











