নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ১৫৭; নিখোঁজ ৪০০ এর উপরে


নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৫৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪০৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৩৪১ জন বিদেশি পর্যটক এবং ৬২ জন নেপালি পর্যটক বলে জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড।
বুধবার (২৬ আগস্ট, ২০২৬) দেশটির মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। প্রবল স্রোতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীন সীমান্তবর্তী রসুয়া জেলা।
নেপাল পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে ১৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতওয়ান, গোর্খা, তানাহুঁ ও নওয়ালপুরসহ বিভিন্ন জেলায় এসব মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ পর্যটকদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন, কানাডার ২৪ জন এবং মালয়েশিয়ার ১৯ জন রয়েছেন। এছাড়া ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, জাপান, জার্মানি, ফ্রান্স ও স্পেনের নাগরিকও নিখোঁজ রয়েছেন।











