বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে রাশিয়ার প্রতি আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ ও বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে প্রবেশাধিকার বাড়ানো এবং বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে রুশ বিনিয়োগ আকৃষ্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন (Alexander Khozin) পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বাংলাদেশে গম ও সার সরবরাহের ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন। পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা কাজে লাগানো এবং বাংলাদেশি পণ্যের জন্য রুশ বাজারে আরও বেশি সুযোগ সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে রুশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।
প্রতিমন্ত্রী সাম্প্রতিক বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের (Intergovernmental Commission) বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের মধ্যে অপেক্ষমাণ চুক্তি ও সমঝোতামূলক দলিলগুলো দ্রুত চূড়ান্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বৃত্তি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক বিনিময় এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। এ সময় ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করার অনুরোধ জানান পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী।
জবাবে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী।











