চীনা ভাষা শিক্ষার নতুন উদ্যোগ বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর করবে: প্রধানমন্ত্রী’র উপদেষ্টা মো. ইসমাইল জবিহুল্লাহ


বাংলাদেশে চীনা ভাষার প্রথম দক্ষতা মান (Competency Standard) ও কোর্স অ্যাক্রেডিটেশন নথি চালু হওয়াকে দুই দেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী’র উপদেষ্টা মো. ইসমাইল জবিহুল্লাহ।
মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) আয়োজিত ‘Validation Workshop on Competency Standards and Course Accreditation Document for the Chinese Language’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, NSDA-এর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের প্রথম চীনা ভাষা দক্ষতা মান ও কোর্স অ্যাক্রেডিটেশন নথি আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। তিনি বলেন, এ কর্মশালা দুই দেশের নেতাদের মধ্যে সাম্প্রতিক সময়ে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের ক্ষেত্রে একটি বাস্তব পদক্ষেপ।
তিনি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে শিক্ষা বিনিময় ও সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। একই সঙ্গে চীনা ভাষা শিক্ষার ক্ষেত্রে পূর্ণাঙ্গ সহায়তা ব্যবস্থা আরও উন্নত করা হবে, যাতে চীনা ভাষা শেখা বাংলাদেশের তরুণদের দক্ষতা, কর্মসংস্থানের সুযোগ এবং উন্নয়নের সুফলে পরিণত হয়।
উপদেষ্টা মো. ইসমাইল জবিহুল্লাহ বাংলাদেশে চীনা ভাষার প্রথম দক্ষতা মান ও কোর্স অ্যাক্রেডিটেশন নথি চালুর উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ কর্মশালাকে দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করার সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।











