সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা


সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্য এবং তাঁদের পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
আগামীকাল ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনতার সম্মিলিত অংশগ্রহণে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে। এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা, যা সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি অনন্য ও গৌরবময় অধ্যায়।
তিনি বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য এবং সংকল্পবদ্ধ শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির একটি গর্বিত প্রতিষ্ঠান। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর অসীম সাহসিকতা ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছেন।
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যদের সততা, দক্ষতা ও কর্মক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। শান্তিরক্ষী প্রেরণকারী অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি জাতির জন্য গৌরবের। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাহিনীটি জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
বাণীতে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র, আধুনিক ও সদা তৎপর বাহিনীতে পরিণত করেছিলেন এবং এর সদস্যদের সুশিক্ষিত ও পেশাদার হিসেবে গড়ে তোলেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ধারা অব্যাহত ছিল।
তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।
সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রয়াসে সশস্ত্র বাহিনী সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠ—সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সবশেষে প্রধানমন্ত্রী ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।











