গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে সংসদীয় মানবাধিকার ও শান্তি বিষয়ক ককাস


চলমান বিচার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ‘সংসদীয় মানবাধিকার ও শান্তি’ বিষয়ক ককাসের আহ্বায়ক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, এমপি এবং ককাসের সদস্য ও গুম প্রতিরোধ আন্দোলনের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি, এমপি।
বুধবার (২৫ নভেম্বর) ককাসের প্রতিনিধিদল গুমের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন। এ সময় বিগত সাড়ে ১৫ বছরের শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও তাঁদের সঙ্গে ছিলেন। প্রতিনিধিদলের সদস্যরা ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন এবং বিচারপ্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে ককাসের আহ্বায়ক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি বলেন, ‘আমরা গুমের শিকার পরিবারের সদস্যদের তাঁদের হারানো স্বজনের লাশটিও ফিরিয়ে দিতে পারিনি। গুমের শিকার পরিবারের সদস্যদের স্বচক্ষে বিচার কার্যক্রম দেখার সুযোগ করে দিয়ে তাঁদের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়ে আশ্বস্ত করতেই আমাদের এই পর্যবেক্ষণ।’
এ সময় গুমের শিকার স্বজনদের হারানোর বেদনায় পরিবারের সদস্যদের আহাজারিতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণের পরিবেশ ভারী হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে স্বজনদের সন্ধান ও ন্যায়বিচারের অপেক্ষায় থাকা পরিবারগুলোর আবেগঘন উপস্থিতি পরিদর্শনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
জাতীয় সংসদের মানবাধিকার ও শান্তি বিষয়ক ককাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের কর্মসূচি রয়েছে। দেশের সর্বত্র মানবাধিকার ও শান্তি নিশ্চিত করা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই এই ককাসের মূল লক্ষ্য।











