লালন মাজারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ


কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রোববার সন্ধ্যায় নাসীরুদ্দীন পাটওয়ারী লালন শাহের মাজার এলাকায় গেলে সেখানে তাকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর মাজার প্রাঙ্গণে উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছেন। তার সঙ্গে কিছু একটা ঘটেছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।”
তবে হামলার কারণ, হামলাকারীদের পরিচয় এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।











