বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তিতে সুইডেনের বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী


বাংলাদেশ ও সুইডেনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ূন কবির এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
রোববার (৪ অক্টোবর, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। এ সময় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ূন কবিরকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-সুইডেন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুইডেনকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সুইডেনের সহযোগিতার প্রশংসা করেন।
আলোচনায় উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

দুই পক্ষ বাংলাদেশ ও সুইডেনের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা আরও সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুইডেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ, প্রকৌশল ও টেলিযোগাযোগ খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।
এ সময় বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা থেকে উত্তরণ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্যিক ব্যবস্থা নিয়েও মতবিনিময় হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (UNGA-81) সাইডলাইনে গত মাসে ‘Midwifery into Primary Health Care’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে সুইডেনের সহ-আয়োজক হিসেবে অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুইডেনকে ধন্যবাদ জানান।
অভিবাসন বিষয়ে উভয় পক্ষ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি দক্ষ জনশক্তি অভিবাসন ও কারিগরি প্রশিক্ষণে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করে।
বৈঠকে রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে সুইডেনের অব্যাহত সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ অব্যাহত রাখতে সুইডেনের সমর্থন কামনা করেন তিনি।
সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বাংলাদেশ-সুইডেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে সুইডেন প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
রাষ্ট্রদূত বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগের প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তারও প্রশংসা করেন। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুইডেনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়। উভয় পক্ষ প্রাসঙ্গিক আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে অব্যাহত উচ্চপর্যায়ের যোগাযোগ ও সম্পৃক্ততা বাংলাদেশ-সুইডেন সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।











