দিনাজপুরে জাইকার সহায়তাপুষ্ট তিন উন্নয়ন উদ্যোগ পরিদর্শন করলেন তাকাহাশি জুনকো


জাইকার বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি মিস তাকাহাশি জুনকো সম্প্রতি দিনাজপুরে জাইকার সহায়তাপুষ্ট তিনটি গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ পরিদর্শন করেছেন। এসব উদ্যোগ কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পরিদর্শনের শুরুতে তাকাহাশি জুনকো ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতাধীন কাচিনিয়া বাজার-বেলেন নদী পানি সংরক্ষণ ও নিষ্কাশন উপ-প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি উন্নত সেচব্যবস্থা, পানি নিষ্কাশন ও পানি সংরক্ষণ অবকাঠামো ঘুরে দেখেন। এসব অবকাঠামোর মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় কৃষকদের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তনের বিষয়টি তিনি প্রত্যক্ষ করেন।

এরপর তিনি ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় স্পেন বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি রপ্তানিমুখী কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে কাজ করছে। বর্তমানে প্রতিষ্ঠানটির সঙ্গে ৪ হাজারেরও বেশি চুক্তিবদ্ধ কৃষক যুক্ত রয়েছেন। পাশাপাশি দিনাজপুরের পার্বতীপুরের গ্রামীণ এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রমের মাধ্যমে প্রায় ১ হাজার ৫০০টি সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

পরিদর্শনের অংশ হিসেবে জাইকার সহায়তায় বাংলাদেশ ফুড সেফটি অথরিটির পরিদর্শন, নিয়ন্ত্রণ ও সমন্বয় কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প (STIRC)-এর আওতায় পরিচালিত ফুড সেফটি অফিসও পরিদর্শন করেন তাকাহাশি জুনকো। সেখানে তিনি খাদ্য নিরাপত্তা পরিদর্শন, নিয়ন্ত্রক কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হন।
দিনাজপুরে জাইকার সহায়তাপুষ্ট এসব উদ্যোগ কৃষির স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে জাপান-বাংলাদেশ দীর্ঘমেয়াদি অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরছে।
বিশেষ করে কৃষি, পানি ব্যবস্থাপনা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের সমন্বিত উদ্যোগ স্থানীয় পর্যায়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।











