ICJ-এর ঐতিহাসিক রায়কে স্বাগত জানাল বাংলাদেশ: দ্রুত বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার বিষয়ে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) চূড়ান্ত রায়কে ঐতিহাসিক ঘটনা হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ এ রায়কে স্বাগত জানায় এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে সহিংসতা বন্ধ, গণহত্যার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা, ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে নির্দেশনা দিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় চূড়ান্ত ও আইনত বাধ্যতামূলক। এ রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এ মামলার সরাসরি পক্ষ না হলেও মানবিক কারণে প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এ সংকটের বিচারিক সমাধানের উদ্যোগ গ্রহণ এবং মামলাটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং সমর্থনকারী বন্ধুপ্রতিম দেশগুলোর ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিহিত রয়েছে তাদের নিজ বাসভূমি মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও টেকসই প্রত্যাবাসনের মধ্যে।











