বাংলাদেশের রেল যোগাযোগ আধুনিকায়নে ইইউর সহায়তা, চালু হলো পাবনা প্রবাত ও পাবনা গোধূলি এক্সপ্রেস


বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও যাত্রীসেবার মানোন্নয়নে সহযোগিতা জোরদার করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এরই অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নতুন দুটি আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রবাত এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাবনা রেলওয়ে স্টেশনে নতুন এই ট্রেন দুটির রুটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের রেল অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে ইউরোপীয় ইউনিয়নের ব্যাংক হিসেবে পরিচিত ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)-এর অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে রেল অবকাঠামোর আধুনিকায়ন, যাত্রীসেবার উন্নয়ন এবং আরও আরামদায়ক, নিরাপদ ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন।
ইইউ ইন বাংলাদেশ তাদের এক বার্তায় জানায়, বাংলাদেশের সমৃদ্ধি, টেকসই উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক রূপান্তর এগিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারত্বমূলক সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ এই রেল আধুনিকায়ন উদ্যোগ।











