বৈশ্বিক আন্তঃসংযোগের যুগে কূটনীতির গুরুত্ব তুলে ধরলেন জার্মান রাষ্ট্রদূত


পরিবর্তনশীল ও ক্রমবর্ধমান আন্তঃসংযুক্ত বিশ্বব্যবস্থায় জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক ঝুঁকি এবং বহুপাক্ষিক সহযোগিতার চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ।

রবিবার (১১ অক্টোবর, ২০২৬) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ৩২তম স্পেশালাইজড ডিপ্লোম্যাটিক ট্রেনিং কোর্স (এসডিটিসি) এবং ৪র্থ প্রফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ডিপ্লোম্যাসি (পিএমআইআরডি)-এর অংশগ্রহণকারীদের উদ্দেশে বিশেষ বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বক্তৃতায় রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ বর্তমান বৈশ্বিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে বলেন, “অর্থনৈতিক আন্তঃনির্ভরশীলতা বেড়েছে, তবে একই সঙ্গে বেড়েছে ঝুঁকিপ্রবণতাও।” জ্বালানি সরবরাহব্যবস্থায় চলমান বিঘ্নের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব অর্থনীতি ও সরবরাহব্যবস্থার পারস্পরিক নির্ভরতা বাড়লেও বিভিন্ন সংকটের কারণে দেশগুলোর দুর্বলতা ও অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্বব্যবস্থা বহুমেরুকেন্দ্রিক হয়ে উঠলেই যে বহুপাক্ষিক সহযোগিতা নিশ্চিত হবে, তা নয়। বর্তমান জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পারস্পরিক বোঝাপড়া, কার্যকর সংলাপ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা জরুরি।
অনুষ্ঠানে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২৬ জন কর্মকর্তা এবং বতসোয়ানা, গায়ানা, কেনিয়া, নেপাল, রুয়ান্ডা ও তানজানিয়ার ছয়জন কূটনীতিকসহ মোট ৩২ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। ভবিষ্যৎ কূটনৈতিক পেশাজীবীদের সঙ্গে বৈশ্বিক বিষয়াবলি ও আন্তর্জাতিক সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে বক্তৃতাটি সম্পন্ন হয়।
সফরকালে রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ ফরেন সার্ভিস একাডেমির রেক্টর নাহিদা সোবহানের সঙ্গেও সাক্ষাৎ করেন।











