নেপালের বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার সহায়তা বাংলাদেশের


নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ, পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রমে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) সহায়তা দিয়েছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির কাছে এ সহায়তার বিষয়টি অবহিত করেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কাছে পাঠানো একটি চিঠিও রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, নেপালের উত্তরাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় চলমান ত্রাণ, উদ্ধার, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তা করতেই এ অর্থ প্রদান করা হয়েছে।
নেপালের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের সহমর্মিতা ও সংহতির অংশ হিসেবে এর আগে গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন।
এ ছাড়া গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের ভয়াবহ এই দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
বাংলাদেশের এ সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের মানবিক অঙ্গীকারেরও বহিঃপ্রকাশ ঘটেছে।











