প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি আরবের আগ্রহ


বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে দুই দেশের সামরিক কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণ, কোর্স বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর, ২০২৬) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ (Dr. Abdullah Zafer bin Abiyah) সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন উভয় পক্ষ।
বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে উচ্চতর প্রশিক্ষণ ও কোর্স বিনিময় আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC) ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC)-এর সঙ্গে সৌদি আরবের শীর্ষ সামরিক একাডেমিগুলোর মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি ও কোর্স বিনিময় বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি মানবিক সংকট মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দেশের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের বিষয়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে বিদ্যমান কৌশলগত ও সামরিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সামগ্রিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বিগত বছরগুলোতে বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক অগ্রগতির জন্য সৌদি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও নিবিড় ও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।











