বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা কাজে লাগাতে চায় ফিলিপাইন


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট (Nina Padika Cainglet)।
বুধবার (২ সেপ্টেম্বর, ২০২৬) ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে তারা কুশল বিনিময় করেন এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
![]() |
![]() |
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার বাস্তবচিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযুক্ত করে চিকিৎসাসেবার মান উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে সরকার নিরলসভাবে কাজ করছে।
বৈঠকে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়েও আলোচনা হয়। দুই দেশের মধ্যে নার্সিং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে ফিলিপাইনের রাষ্ট্রদূত জানান, দেশটির মোট ওষুধের প্রায় ৬৭ শতাংশ পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করতে হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতা কাজে লাগিয়ে ফিলিপাইনের ওষুধের চাহিদা পূরণে সহযোগিতা কামনা করেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের লক্ষ্যে ঢাকা-ম্যানিলা সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত।
সাক্ষাতে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ওষুধশিল্প, নার্সিং শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও জনসম্পর্ক সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।













