রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক জোরদারে আন্তঃসংসদীয় যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব


রাশিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আন্তঃসংসদীয় যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর, ২০২৬) বাংলাদেশ-রাশিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের একটি প্রতিনিধি দল ঢাকায় রাশিয়ান দূতাবাসে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এবং দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ জোরদারের লক্ষ্যে গঠিত এই ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যদের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়।
সাক্ষাতে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশি সংসদ সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে আন্তঃসংসদীয় যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণে রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বাংলাদেশ-রাশিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, এমপি, রাশিয়া-বাংলাদেশ বন্ধুত্বের ঐতিহাসিক ও বিশেষ তাৎপর্যের কথা তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য যখন দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে লড়াই করছিল, তখন থেকেই রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের ভিত্তি গড়ে ওঠে। বর্তমানে পারমাণবিক জ্বালানি, কৃষি, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এসব সহযোগিতা আরও বিস্তৃত করার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূলনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সাক্ষাতে মস্কো থেকে সম্প্রতি বাংলাদেশে আসা রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের প্রেসিডেন্ট মিয়া সাত্তার রাশিয়া-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের রুশ সদস্যদের শুভেচ্ছা পৌঁছে দেন।
তিনি বলেন, দুই দেশের পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ পারস্পরিক আস্থা ও নির্ভরতা বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখতে পারে। আইনপ্রণেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা এবং আন্তঃসংসদীয় যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।











