চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে দেশে বেকারত্ব কমানো সম্ভব হবে না। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে এসে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করা জরুরি। শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, বরং তাদের বাস্তবমুখী দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনার কথা তুলে ধরে এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরামর্শ দেন।
‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মিলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সম্মিলনে দেশের ৬৪ জেলার ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশগ্রহণ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।











