বাংলাদেশ-ইউএই বাণিজ্য সম্প্রসারণে CEPA চুক্তিকে গুরুত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত: ইউএই রাষ্ট্রদূত


সংযুক্ত আরব আমিরাতের ৫৫তম জাতীয় দিবস (ইউনিয়ন ডে) উদযাপন উপলক্ষে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দূতাবাস বৃহস্পতিবার (২৬ নভেম্বর, ২০২৬) এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এতে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসিফ আলহামুদি বলেন, গত পাঁচ দশকে সংযুক্ত আরব আমিরাত অভাবনীয় অগ্রগতি অর্জন করে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন, কূটনীতি ও মানব উন্নয়নের অন্যতম বৈশ্বিক কেন্দ্রে পরিণত হয়েছে।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের এই অসাধারণ অগ্রযাত্রার পেছনে দেশটির প্রতিষ্ঠাতা নেতাদের অবদান এবং বর্তমান নেতৃত্বের দূরদর্শী পরিকল্পনা ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য দুই দেশের সম্পর্ককে সুদৃঢ় ভিত্তি দিয়েছে।
তিনি আরও বলেন, ২০২৬ সাল বাংলাদেশ-ইউএই দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বছর। এ সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রস্তাবিত Comprehensive Economic Partnership Agreement (CEPA) নিয়ে চলমান আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, এই চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ উদ্যোগকে এগিয়ে নিতে দূতাবাস কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব ও দেশটির জনগণকে ৫৫তম জাতীয় দিবসের উষ্ণ অভিনন্দন জানান।

তিনি বলেন, মাত্র ৫৫ বছরে সংযুক্ত আরব আমিরাত একটি নবীন ফেডারেশন থেকে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও সম্ভাবনার বৈশ্বিক কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। দেশটির এই অগ্রযাত্রা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে উভয় দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই সময় থেকে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা ক্রমাগত শক্তিশালী হয়েছে। এই সম্পর্ক কেবল রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়; বরং পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের মধ্যে গভীর যোগাযোগের ওপর প্রতিষ্ঠিত।

তিনি জানান, বর্তমানে প্রায় ১১ লাখ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। তাঁরা শুধু দেশটির কর্মশক্তির অংশ নন, বরং বাংলাদেশ ও আমিরাতের মধ্যে জীবন্ত সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। বাংলাদেশি প্রবাসীদের প্রতি সংযুক্ত আরব আমিরাতের অব্যাহত সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বের বিপুল সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। এ সম্ভাবনা বাস্তবায়নে CEPA চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার মাধ্যমে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা করছে বাংলাদেশ।
![]() |
![]() |
![]() |
![]() |
বক্তব্যের শেষে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ-ইউএই বন্ধুত্ব দীর্ঘজীবী হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।















