বিজনেস ডেস্কঃ
শ্রীলঙ্কাভিত্তিক কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি-এর বাংলাদেশ অপারেশনস ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড)-এ নতুন সাব-শাখা ও অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) উদ্বোধন করেছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) নতুন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সাব-শাখা ও অফশোর ব্যাংকিং ইউনিটের উদ্বোধন করা হয়। ব্যাংকের সম্প্রসারণ কার্যক্রম এবং বৈশ্বিক বাণিজ্য সহজীকরণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন সাব-শাখা ও ওবিইউ উদ্বোধন করেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিথ মিওয়ানাগে এবং ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি সিইও ও চিফ অপারেটিং অফিসার হেইলি আলগেওয়াত্তে এবং ডেপুটি সিইও ও করপোরেট ব্যাংকিং প্রধান মাহমুদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী নেতা, ডিইপিজেড কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের শিল্প ও বাণিজ্য খাতকে আরও কার্যকর ব্যাংকিং সুবিধা দিতে কৌশলগতভাবে নতুন সাব-শাখা ও অফশোর ব্যাংকিং ইউনিটটি স্থাপন করা হয়েছে। এখানে গ্রাহকদের জন্য বিশেষায়িত অফশোর ব্যাংকিং সেবা, আধুনিক সাধারণ ব্যাংকিং সুবিধা এবং রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য উপযোগী ট্রেড ফাইন্যান্স সেবা প্রদান করা হবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন এই ইউনিট দেশের রপ্তানিমুখী শিল্পখাতকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে এবং উন্নত আর্থিক সেবার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।











