ডেস্ক রিপোর্টঃ
ঢাকায় নিযুক্ত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা আজ মঙ্গলবার (১২ মে ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ওআইসি সদস্য দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করে। তারা বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসি সদস্য দেশগুলোর শুভেচ্ছা ও সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসিভুক্ত দেশসমূহের অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন তিনি।
সাক্ষাতে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনও উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রসচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।











