ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে নিরপেক্ষ ও নির্ভীকভাবে কাজ করতে জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। তাই দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করুন।”

বুধবার (৬ মে, ২০২৬) রাতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ও প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমেই জনমনে ধীরে ধীরে আস্থা তৈরি হয়। এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা আরও যত্নবান হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের যেকোনো আইনগত ও মানবিক উদ্যোগে সরকার সহায়তা দেবে উল্লেখ করে তিনি বলেন, “প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, এটি মানুষের সেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”

তিনি আরও বলেন, বাংলাদেশের অসংখ্য সমস্যার পাশাপাশি বিপুল সম্ভাবনাও রয়েছে। দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা গেলে এই জনসংখ্যাই জাতীয় সম্পদে পরিণত হবে।

প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বাস রাখুন, এরাই বদলে দিতে পারবে আমাদের এই প্রিয় বাংলাদেশকে।”
রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, একটি পরিবারই রাষ্ট্রের ক্ষুদ্রতম ইউনিট। বহু পরিবার মিলেই রাষ্ট্র গঠিত হয়। পরিবারগুলো যদি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে উজ্জীবিত থাকে, তবে রাষ্ট্রীয় মূল্যবোধও সুসংহত হবে।
ডিসি সম্মেলন উপলক্ষে আয়োজিত এই বার্ষিক সম্মেলনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।











