ফেনী প্রতিনিধি:
ফেনী জেলায় টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েট কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল, ২০২৬) ফেনী শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব বদরুল বারী চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা। টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল আজিজ মানেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপটেন একেএম গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ইকবাল মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ অ্যাডভোকেট সমীর চন্দ্র কর এবং ফেনী জেলা স্কাউট কমিশনার এ কে এম ফরিদ উদ্দিন আহাম্মদ।
সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট খোরশেদ আলমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিভিন্ন কেন্দ্র পরিচালক, শিক্ষক প্রতিনিধি ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ প্রদানের মাধ্যমে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, ২০২৫ সালে ফেনী জেলায় প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।











