স্পোর্টস ডেস্কঃ
ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জয় করলো বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের বড় জয় পেয়েছে টাইগাররা। ক্ষণে ক্ষণে রঙ বদলানো ম্যাচের ৫ম দিনে রেকর্ড গড়ার চেষ্টা করেও সফল হয়নি পাকিস্তানিরা। নাহিদ রানার ৫ উইকেটের পাশাপাশি তাসকিন-তাইজুলরা বাংলাদেশকে এনে দিলেন ঐতিহাসিক এক জয়।
একাই পাঁচ উইকেট তুলে নিয়ে কঠিন অবস্থান থেকে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন নাহিদ রানা। নিজের স্পেলের পাঁচ ওভারে পাকিস্তানের চার উইকেট তুলে নিয়ে অনেকটা একাই বাংলাদেশকে জয় এনে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের নতুন গতি তারকা নাহিদ।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ১৬৩ রানে। যাতে মিরপুর টেস্টে ১০৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জিতল বাংলাদেশ। পাকিস্তান সফরে গিয়ে দুই টেস্টের সিরিজে ২-০তে জিতেছিল বাংলাদেশ। এবার মিরপুরে টানা তৃতীয় জয় তুলে নিলো নাজমুল হোসেন শান্তর দল।











