May 7, 2026

শিরোনাম

জাপানকে কেন্দ্র করে নতুন বাজার কৌশল কমিটি গঠন করলো বিজিএমইএ

Image

বিজনেস ডেস্কঃ

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি জাপানের বাজারে সম্প্রসারণের লক্ষ্যে “মার্কেট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট উইথ জাপান কমিটি” গঠন করেছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

জাপানকে উচ্চ সম্ভাবনাময় রপ্তানি গন্তব্য হিসেবে বিবেচনা করে প্রচলিত বাজারের বাইরে নতুন বাজার সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছে বিজিএমইএ।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, জাপানের বার্ষিক পোশাক আমদানির বাজারের আকার প্রায় ২৪ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে এ বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব মাত্র ৫ দশমিক ৬৩ শতাংশ, যার মূল্য প্রায় ১ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার। নবগঠিত কমিটি লক্ষ্যভিত্তিক কৌশল ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে এ অংশীদারিত্ব উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করবে।

গতকাল ঢাকার বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাতে সহযোগিতা জোরদারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

সভায় বিজিএমইএ’র অধীনে একটি বিশেষ “জাপান ডেস্ক” প্রতিষ্ঠার সুপারিশ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই ডেস্ক সদস্য কারখানাগুলোর জন্য বাজার গবেষণা, সম্ভাব্য ক্রেতা শনাক্তকরণ, জেট্রো (JETRO), জাইকা (JICA), জেবিসিসিআই (JBCCI), জেসিআইএডি (JCIAD)সহ বিভিন্ন জাপানি সংগঠনের সঙ্গে সমন্বয় এবং জাপানি কোম্পানিগুলোর সঙ্গে উদ্ভূত বিরোধ নিষ্পত্তি ও সালিশি সহায়তা প্রদান করবে।

এছাড়া কমিটি বাংলাদেশ ও জাপানের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদারে ট্রেড ফেয়ার, ব্যবসায়িক বিনিময় কর্মসূচি এবং যৌথ যোগাযোগ কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবে।

বিজিএমইএ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কার্যরত জাপানি কোম্পানিগুলো স্থানীয় অংশীদার কারখানার সঙ্গে ব্যবসায়িক বা পরিচালনাগত সমস্যায় পড়লে তাদের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তাও প্রদান করা হবে, যা একটি আরও সহযোগিতাপূর্ণ ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মিজানুর রহমান এবং সমন্বয়কের দায়িত্বে থাকবেন বিজিএমইএ পরিচালক মোহাম্মদ সোহেল।

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, জেবিসিসিআই সভাপতি তারেক রাফি ভূঁইয়া জুন এবং ফুরুশিমা (বিডি)-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী সারওয়ার হাবিব।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিজিএমইএ পরিচালক শাহ রায়ীদ চৌধুরী, ফয়সাল সামাদ এবং নাফিস উদ দৌলা।

Scroll to Top