কৃষি ও বীজ খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় নেদারল্যান্ডস


বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে কৃষি সহযোগিতা, বীজ খাতের উন্নয়ন এবং কৃষিপণ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
গত ২৭ অক্টোবর নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান জান্না ভ্যান ডার লিন্ডেন (Janna van der Linden) বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সালিম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের মধ্যে কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে কৃষি খাতে প্রস্তাবিত দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ), বীজ খাতের উন্নয়ন, উদ্ভিদ সংগনিরোধ (প্ল্যান্ট কোয়ারেন্টাইন), টেকসই কৃষি এবং কৃষিপণ্যের সংরক্ষণ ও পরিবহনে কোল্ড-চেইন লজিস্টিকস ব্যবস্থার উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া কৃষিপণ্য বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করা এবং এ খাতে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরির বিষয়েও আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। উভয় পক্ষ একটি অধিক উৎপাদনশীল, জলবায়ু ও অন্যান্য ঝুঁকি মোকাবিলায় সক্ষম এবং টেকসই কৃষি-খাদ্য খাত গড়ে তোলার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করে।











