বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মারুবেনি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত


বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপানের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (JBCCEC) সভাপতি ও মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং উৎপাদনশিল্পসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক অংশীদারত্ব এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারীসহ প্রধানমন্ত্রীর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।











