বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে JBIC-এর কার্যালয় খোলার প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের


জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি—JBIC) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার ক্ষেত্রে জেবিআইসির ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন এবং ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
তিনি উল্লেখ করেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে দুই পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।
বৈঠকে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়। এ প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান সংস্থাটির গভর্নর আমাকাওয়া কাজুহিকো।
বাংলাদেশে জেবিআইসির কার্যালয় প্রতিষ্ঠিত হলে দুই পক্ষের মধ্যে বিনিয়োগসংক্রান্ত যোগাযোগ ও সমন্বয় জোরদার, সম্ভাবনাময় প্রকল্প চিহ্নিতকরণ এবং জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
প্রধানমন্ত্রীর এ বৈঠক বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন খাতে জাপানি বিনিয়োগ ও অর্থায়নের সম্ভাবনা বাড়ানোর ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।











